২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি পরীক্ষা: ২ পরীক্ষার্থীর সাজা, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:22 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

এছাড়া ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ আরও দুজনকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

দণ্ডপ্রাপ্ত দুই ভর্তি পরীক্ষার্থী হলেন- আব্দুস সালাম ও জুবাইদুল ইসলাম।

শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর শেরে বাংলানগর সরকারি বিদ্যালয় কেন্দ্র থেকে আটক সালাম এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জুবাইদুলেক আটক করা হয়।

এরপর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়াত মেহজাবীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনেক এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দণ্ডপ্রাপ্ত দুই পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করেছিলেন। পরীক্ষা চলাকালে তাদের মোবাইলে এসএমএসও এসেছিল।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট পাবলিক পরীক্ষা আইনের ১৮৮ ধারা অনুযায়ী তাদের এক মাসের এই কারাদণ্ড দেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের এই পরীক্ষায় এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ১৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেওয়ার আবেদন করেন।

এদিকে পরীক্ষার আগে বৃহস্পতিবার রাতে ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র মিল্টন ও পাভেল নামের এক ‘বহিরাগত’সহ দুজনেক আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর বলেন, “এই দুইজন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করছিল। বিষয়টি জানতে পেরে ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।”

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব।”

পুরনো খবর:

ঢাবি ভর্তি পরীক্ষা: দুই পরীক্ষার্থীসহ আটক ৪
এটিএম কার্ড নয়, জালিয়াতের অস্ত্র