২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি যোগ্য ১৩,৩৮০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ১৩ হাজার ৩৮০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

যোগ্য বিবেচিত এই শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদের অধীন বিভিন্ন বিভাগের এক হাজার ৬৬০টি আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বুধবার উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

গত শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ৬৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ২০.৭৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকেও ফল জানা যাবে। এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে du স্পেস ka স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণরা ১০ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের ‘পছন্দক্রম’ পূরণ করতে পারবেন।

কোটায় উত্তীর্ণদের ৮ থেকে ১৫ নভেম্বরের মধ্যে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

ফল ঘোষণার সময় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।