ঢাবি ‘ক’ ইউনিটের পরীক্ষায় ৭১ হাজার ভর্তিচ্ছু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির আশায় ‘ক’ ইউনিটের পরীক্ষা দিয়েছেন ৭১ হাজার শিক্ষার্থী।
এই পরীক্ষার্থীদের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ৬৬০ জন এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়ার সুযোগ পাবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টার এই পরীক্ষা চলে। প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আগের রাতে ফার্মগেইট এলাকা থেকে ১২ জনকে পুলিশ আটক করলেও আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কি না- সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি এবং ক্যাম্পাসের বাইরে ঢাকার ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।
জালিয়াতি ও প্রশ্নফাঁস ঠেকাতে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ছিল ভ্রাম্যমাণ আদালত।
‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি রয়েছে।
