জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ানস্টপ সার্ভিস সেবা শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে তথ্যপ্রযুক্তিনির্ভর ওয়ানস্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এ সেন্টারের উদ্বোধন করেন। এরপরই সেবা দেওয়া শুরু হয়।
উদ্বোধন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাই ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে উপকৃত হবেন।
“সনদ, নম্বরপত্র, নিবন্ধন, প্রবেশপত্র প্রভৃতি উত্তোলন, সংশোধন, কলেজ অধিভুক্তি, নবায়ন, ব্যাংক ড্রাফটসহ নান ধরনের ফি জমা এবং সংশ্লিষ্ট সব সেবা একই স্থান থেকে দেওয়া হবে।”
ফলে এসব সেবাগ্রহীতারা হয়রানি ও দুর্নীতি থেকে রক্ষা পাবেন বলে মনে করেন অধ্যাপক হারুন-অর-রশিদ।
ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আইটিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য মো. আসলাম ভুঁইয়া (প্রশাসন),উপ-উপাচার্য মুনাজ আহমেদ নূর (একাডেমিক), ট্রেজারার মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আর হোসেন, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
