২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ডরমিটরি থেকে হাতবোমা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডরমিটরির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে, যেখানে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবে আমন্ত্রিত অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 02:25 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুর কবীর জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির দুটি ব্লকের সংযোগ করিডরের ছাদ থেকে ওই হাতবোমা উদ্ধার করা হয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

ডরমিটরির তত্ত্বাবধায়ক (ওয়ার্ডেন) অধ্যাপক ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এক নিরাপত্তা প্রহরী হাতবোমা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়।”

ওই ডরমিটরিতে তিনজন নেপালী শিক্ষার্থী ও একজন ভারতীয় গবেষক থাকেন। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৫ এর আমন্ত্রিত অতিথিদেরও সেখানে থাকার কথা ছিল।

বিস্ফোরক উদ্ধারের এই ঘটনার পর ভারতীয় অতিথিদের থাকার জন্য এখন বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আর ভারতীয় গবেষক বর্তমানে নিজ দেশে রয়েছেন বলে প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান।

তিনি বলেন, “কে বা কারা এ ধরনের কাজ করেছে তা জানা যায়নি। বিষয়টি  সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।”

কেউ ‘আতঙ্ক সৃষ্টির জন্য’ হাতবোমাটি ওই স্থানে রাখতে পারে মন্তব্য করে মতিহারের ওসি হুমায়ুর কবীর বলেন, “কে বা কারা এটি রেখেছে তা বোঝা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”