২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত বছর  

নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

সোমবার সকাল ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য এ কে এম নূর উন নবী। এরপর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও আছে আলোচনা সভা, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয় পরের বছর ৪ এপ্রিল, জানান রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১২ জন শিক্ষক ও তিনশ জন শিক্ষার্থী নিয়ে রংপুর শহরের লালকুঠিতে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে বর্তমান ক্যাম্পাসে আসে।”

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২১টি বিভাগে মোট সাত হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন বলে জানান তিনি।

গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানজিম নাসরিন শিমুল জানান, সকলকে নিয়ে জন্মদিন পালনের মজাটাই আলাদা।

“চারবছর ধরে জন্মদিন উদযাপন করছি। অনেক ভালো লাগছে।”

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, “রংপুরের মত প্রত্যন্ত জায়গায় জন্ম নিয়েও বিশ্বে আলো ছড়িয়েছেন বেগম রোকেয়া। সেই জনপদে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয় যেন বিশ্বকে আলোকিত করতে পারে, সেটাই স্বপ্ন আমাদের।”   

প্রতিষ্ঠাবার্ষিকীতে রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য এ কে এম নূর উন নবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান আহরণ ও বিতরণের উৎকৃষ্ট কেন্দ্র।”

এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।