ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে প্রার্থী ৩৯ জন
প্রতিটি আসনের বিপরীতে এবার ৩৯ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসবেন; পরীক্ষা শুরু হবে ৯ অক্টোবর থেকে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার ভর্তির অনলাইন আবেদন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে এ তথ্য জানান।
অনলাইন ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, এবার বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার ৬৮৫টি আসনের বিপরীতে দুই লাখ ৪৪ হাজার চারজন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন।
‘ক’ ইউনিটে ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ১৬১ জন, ‘খ’ ইউনিটে ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৪২১ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৮৫৭ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৭৯৮ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ১৬৭ জন আবেদন করেছেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, আবেদন গ্রহণের কার্যক্রম শেষ হলেও ফরমের টাকা আগামী সোমবার পর্যন্ত জমা দেওয়া যাবে।
এবার ভর্তি পরীক্ষায় কেউ জালিয়াতির আশ্রয় নিয়ে ধরা পড়লে তাকে ভ্রামমাণ আদালতে পাঠানো হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
একইসঙ্গে যেসব কেন্দ্রে আগেরবার জালিয়াতির ঘটনা ঘটেছিল, সেগুলোতে এবার ভর্তি পরীক্ষা হবে না বলে জানান উপাচার্য।
মোবাইল ফোনে ভর্তি পরীক্ষায় সময় উত্তর সরবরাহ এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষার্থী ও জালিয়াতচক্রের বেশ কয়েকজন সদস্যকে গতবার আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনী।
আগামী ৯ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মূল লড়াই। পরদিন ১০ অক্টোবর হবে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এছাড়া ১৬ অক্টোবর ‘গ’ ইউনিট, ১৭ অক্টোবর ‘চ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
