২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃনিরীক্ষা: চট্টগ্রামে এইচএসসিতে পাস আরও ৬৪ জন

উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র পুণঃনিরীক্ষার পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২১৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

এদের মধ্যে ৬৪ পরীক্ষার্থী পাস করেছেন, যাদের এর আগে ‘অনুত্তীর্ণ’ ঘোষণা করা হয়েছিল। আর জিপিএ পরিবর্তন হয়েছে ১৩১ পরীক্ষার্থীর, এদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ পেয়েছেন।    

নয় হাজার ৯৬১ জন শিক্ষার্থীর ৩৫ হাজার ৩৮৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষা শেষে ফলাফলে এ সংশোধন আনা হয়েছে বলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানিয়েছেন।

গত ৯ অগাস্ট সারাদেশে একযোগে প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষার ফলাফল। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ।

ফলাফল প্রকাশের পর ১০ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে উত্তরপত্র পুণঃনিরীক্ষার আবেদন নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি, তিন হাজার ২৯টি আবেদন জমা পড়ে ইংরেজি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য।

এছাড়া আইসিটি বিষয়ে দুই হাজার ৪৩৮টি, বাংলার প্রতি পত্রে দুই হাজার ৩৬৪টি, পদার্থবিদ্যার প্রতি পত্রে এক হাজার ৭৫৪টি, রসায়নের প্রতি পত্রে এক হাজার ৪৫০টি, জীব বিজ্ঞানের প্রতি পত্রে এক হাজার ২৭৩টি, ব্যবসায় সংগঠনের প্রতিপত্রে এক হাজার ২৯টি এবং হিসাব বিজ্ঞানের প্রতিপত্রে এক হাজার ১১২টি করে পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে।