১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে জবি শিক্ষার্থী আহত

রাতে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আক্রান্ত হন ওই তরুণ।

ছিনতাইকারীর ছুরিতে জবি শিক্ষার্থী আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মানা মুন উর রশিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 04:54 PM

Updated : 22 Jan 2024, 04:54 PM

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত মানা মুন উর রশিদ (২৪) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ত্রয়োদশ আবর্তনের শিক্ষার্থী। রোববার রাত ১২টার দিকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত রশিদকে রাতে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই রশিদ বাড়ি চলে যান।

“এই ঘটনায় মামলার করার কথা বলেছি আমি। থানায় বিষয়টি নিয়ে আমি কথা বলব,“ বলেন প্রক্টর।

রশিদের বন্ধু মো. ফয়সাল জানান, রাতে বাসায় ফেরার সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুজন ছিনতাইকারী পেছন থেকে এলোপাতাড়ি ছুরি মারে রশিদকে। তার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকারীরাই রশিদকে হাসপাতালে নিয়ে যান।