Published : 13 Oct 2025, 01:23 AM
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া নিয়ে অংশীজনসহ ছয় হাজারের বেশি মতামত পাওয়ার তথ্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এখন এসব মতামত সংকলন ও বিশ্লেষণের কাজ করছে মন্ত্রণালয়।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, খসড়া চূড়ান্ত করার আগে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিসহ অংশীজনের মতামত নিতে শিগগির তাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা করা হবে।
রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় পরামর্শ গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে ও সহযোগিতা করতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করেছে।]
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম চলছে। আর কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালানো শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছেন।
দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে তারা সোমবার কলেজগুলো থেকে শিক্ষা ভাবনের দিকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকে পর্যায়ের শিক্ষার্থীরা রোববার সকালে সায়েন্সল্যাব এলাকায় মিছিল ও কয়েক মিনিট সড়ক অবরোধ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির স্বকীয়তা রক্ষার দাবি জানিয়েছেন।
অপরদিকে কলেজগুলোর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা স্কুলিং সিস্টেমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।