Published : 18 Aug 2025, 06:04 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে লড়বেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সম্পাদক খায়রুল আহসান মারজান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
আলাউদ্দিন নিজেও এ নির্বাচনে প্রার্থী হয়েছেন; তিনি লড়বেন সহ-সাধারণ সম্পাদক পদে। সংগঠনটির পূর্ণাঙ্গ প্যানেল মঙ্গলবার ঘোষণা করা হবে।
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন সোমবার। শেষ সময়ের মধ্যেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।
এদিন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
২৮ সদস্যের সেই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
আরও পড়ুন-
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচন: এখনো প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের, ভিপি পদে ৩ জন