Published : 30 Oct 2025, 10:06 PM
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করে ক্লাস শুরুর আশ্বাসে ৩৫ ঘণ্টা পর অনশন স্থগিত করেছেন শিক্ষার্থী।
প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থী দ্রুত ক্লাস শুরুর দাবিতে বুধবার সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন।
বৃহস্পতিবার রাত ৯টায় ৩৫ ঘণ্টা পর তারা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
অনশনরতদের একজন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার কথা বলেছেন। শিক্ষা উপদেষ্টা ৬ নভেম্বর দেশে ফিরলে তার সঙ্গে ক্লাস শুরু নিয়ে কথা বলবেন।
"অন্তর্বর্তীকালীন প্রশাসক স্যার ১০ নভেম্বরের মধ্যে আমাদের ভর্তি শেষ করে দ্রুত ক্লাস শুরুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষা উপদেষ্টা, ইউজিসিসহ সবার সঙ্গে কথা বলে দ্রুততম সময় আমরা ক্লাস শুরু হবে। সে আশ্বাসে আমরা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি।"
২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় তিন মাস আগে ভর্তি পরীক্ষা হয়েছে। বিষয় বাছাই ও অনলাইনে ভর্তির ফি দেওয়ার কাজ শেষ হলেও এখনো ক্লাস শুরু হয়নি। এতে ক্লাস শুরুর আগেই সেশন জটের শঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর কথা ছিল। পরে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসন।
এ কারণে পড়াশোনায় পিছিয়ে যাওয়ার শঙ্কায় অনশন শুরুর কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার রাজধানীর বড় সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এল, তখন চলছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন; যা পড়ে বন্ধ হয়ে যায়।
পরে অন্তর্বর্তী প্রশাসন গঠনের পর গত ২৭ জুলাই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩ থেকে ১০ অগাস্ট আবেদন নিয়ে ২২ ও ২২ অগাস্ট অনুষ্ঠিত হয় তিনটি অনুষদের ভর্তি পরীক্ষা।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়নি।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার প্রস্তাবনা অনুযায়ী, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত শিক্ষা কাঠামো ও শিক্ষাক্রম অনুসরণ করলেও তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সনদ পাবেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ক্লাস শুরুর দাবিতে অনশন, 'অসুস্থ ২'