২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ইউনিভার্সিটি ও আলটিনবাস ইউনিভার্সিটি চুক্তি

এমওইউ অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী বিনিময় করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 08:56 PM

Updated : 25 Jul 2022, 08:56 PM

ব্র্যাক ইউনিভার্সিটি তুরস্কের আলটিনবাস ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমের অভিজ্ঞতা ভাগাভাগির জন্য শিক্ষক-শিক্ষার্থী বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে।

সম্প্রতি ইস্তাম্বুলে অবস্থিত আলটিনবাস ইউনিভার্সিটি সফরকালে বিশ্ববিদ্যালটির প্রেসিডেন্ট কাগ্রি এরহানের সঙ্গে এই সমঝোতা স্মারকে সই করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং।

সোমবার ব্র্যাক ইউনিভার্সিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সমঝোতা স্মারক অনুযায়ী ব্র্যাক ইউনিভার্সিটি ও আলটিনবাস ইউনিভার্সিটি প্রতি বছর নিজেদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী বিনিময় করবে।

এ বিনিময় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন এবং সেখানকার যাবতীয় সুবিধা পাবেন।

পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষক এবং গবেষকও বিনিময় করবে শিক্ষা প্রতিষ্ঠান দুটি। সেই সঙ্গে চুক্তির ফলে পেশাগত উন্নয়নেও পরস্পরকে সহযোগিতা করবে বিশ্বাবিদ্যালয় দুটি।

আলটিনবাস ইউনিভার্সিটির ৪০টি দেশের ২৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাকাডেমিক এবং ১০০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ৮৬টি দেশের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন, যার মধ্যে ৪০ শতাংশ আন্তর্জাতিক এবং ৪৫ শতাংশ নারী শিক্ষার্থী।