Published : 22 May 2026, 12:46 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি তিন দিন কমে গেছে।
২২ মে শুক্রবার থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, তাদেরকে শনিবার ও রোববারও (২৩ ও ২৪ মে) অফিস করতে হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক আগামী, ২৩ ও ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।”
এর আগের বিজ্ঞপ্তিতে বলা ছিল, কোরবানির ঈদ উপলক্ষে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। আর ক্লাস বন্ধ থাকবে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত।
এরমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি কমে আসায় অনেকে বিপাকে পড়ার কথা বলেছেন।
তাদের ভাষ্য, শুক্রবার থেকে ছুটির হিসাব করে তারা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। হঠাৎ করে নতুন সিদ্ধান্ত আসায় অনেকেই বেকায়দায় পড়ে গেছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় বিকালে নোটিস দিয়েছে। আমরা তার পরিপ্রেক্ষিতে এ চিঠি দিয়েছি।
“এর আগে যে ঘোষণা ছিল, সেটা আমাদের ক্যালেন্ডার মোতাবেক। এখন সরকারি সিদ্ধান্ত এসেছে, আমরা সেটাই পালন করেছি।”
যারা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, “যারা অনেক দুর-দূরান্তে যাবেন, তারা তো আর ফিরতে পারবেন না। যারা ঢাকায় আছেন, তারা যেন অফিস করেন, সেটার জন্যই নোটিস দেওয়া।”