১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, “সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 02:08 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

বিজয় দিবস সামনে রেখে মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান রোববার পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভযাত্রার উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।

উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, “সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

উপাচার্য এ সময় মানুষের অধিকার আদায়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের অবদানকে স্মরণ করেন।

তিনি বলেন, "দেশের ছাত্র-জনতা অনেক রক্ত দিয়ে জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায় ও দায়িত্ব অনেক বেড়ে গেছে। 

“এখান থেকে আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নেই। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।"

সকল বাধাবিঘ্ন ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

স্মৃতি চিরন্তন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের তত্ত্বাবধানে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশনের মধ্য দিয়ে বিজয় র‍্যালির কর্মসূচি শেষ হয়।