২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা ফেটে দুর্ঘটনায় ঢাবির বাস, কয়েকজন শিক্ষার্থী আহত

“আল্লাহ বাঁচিয়েছেন বড় কোনো দূর্ঘটনা ঘটেনি।… কারো বড় কোনো ক্ষতি হয়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 12:31 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে; তাতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। 

বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরা থেকে আসার পথে মগবাজারে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে একটার সাথে আরেকটা বাসের ধাক্কা লাগে। তখন ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। 

“আল্লাহ বাঁচিয়েছেন বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। এখানে যারা আহত হয়েছে, তাদের একজন ঢাকা মেডিকেলে, আর কয়েকজন বাইরের মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কারো বড় কোনো ক্ষতি হয়নি।” 

সহকারী প্রক্টর জানান, এক ছাত্রীর পায়ে জখম হয়েছে, তবে এক্সরে করে দেখা গেছে পা ভাঙেনি।