মিয়ানমার সংকট নিয়ে নর্থ সাউথে হয়ে গেল আলোচনা
“রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ মিয়ানমারের একাধিক পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে,” বলেন এম সাখাওয়াত হোসেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের উদ্যোগে ‘মিয়ানমারের বর্তমান সংকট এবং প্রতিবেশী অঞ্চলের উপর এর প্রভাব’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এ সভায় মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) রাষ্ট্রপতির মুখপাত্র ও উপদেষ্টা কিয়াও জাও আলোচক হিসেবে ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আলোচনায় কিয়াও জাও বলেন, “এনইউজি মিয়ানমারে সকল জাতিগত সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করবে এবং বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সহজ করবে।”
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন বলেন, মিয়ানমারের চলমান এই সংঘাত রোহিঙ্গা সংকট আরও প্রকট করছে।
“রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ মিয়ানমারের একাধিক পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে।”
চীন নিজের বলয়ে টানায় মিয়ানমারের সংকট আরও জটিল হচ্ছে বলে মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেমন্ড কুন-সান লাউ।
তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের নিষেধাজ্ঞা মিয়ানমারে সামরিক জান্তার পদক্ষেপকে পরিবর্তন করবে না।”
আলোচনা সভায় ছিলেন এসআইপিজির অধ্যাপক শহীদুল হক, মালয়েশিয়ার সুলতান জয়নাল আবিদীন বিশ্ববিদ্যালয়ের আইন ও আন্তর্জাতিক অনুষদের মাহবুবুল হক, সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক, সমন্বয়কারী আব্দুল ওহাব।
