‘জিজ্ঞাসাবাদ শেষে’ ছাড়া পেলেন ছাত্র পরিষদের দুই নেতা
তাদের ‘সন্দেহজনকভাবে’ আটক করা হয়েছিল বলে জানান ডিএমপির ডিবি প্রধান হারুন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া উড়াল সড়কের নিচ থেকে তাদের আটক করা হয়েছিল বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
ওই দুই নেতা হলেন সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এম এম আখতারুজ্জামান সম্রাট এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদা।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ শনিবার রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “সন্দেহজনকভাবে দুইজনকে আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ তিনি জানাননি।
ছাত্র অধিকার পরিষদের আটক দুই নেতার মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির নেতা আদীবও।
তার ভাষ্য, ছাত্রনেতা সম্রাট গত ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হরণ’ দিবসে বুকে ‘গণতন্ত্র এখন কফিনে’ লিখে মিছিলে অংশ নেন। এর আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বুকে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে অংশ নিয়ে আন্দোলনকারীদের অনুপ্রাণিত করতেন।
তার দাবি, “তাকে (সম্রাট) দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হুমকি-ধমকি, ভয়-ভীতি দেখিয়ে আসছিল। আজকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।“
