২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে ফিলিপ জেসাপ মুট কোর্টের বাছাইপর্বে সেরা ঢাবি

আগামী ৮-১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে এ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি দল অংশ নেবে বাংলাদেশ থেকে।

আইইউবিতে ফিলিপ জেসাপ মুট কোর্টের বাছাইপর্বে সেরা ঢাবি

ঢাকায় ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ‘ল মুট কোর্ট’ প্রতিযোগিতার বাছাইপর্ব হয় গত ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 09:47 PM

Updated : 22 Feb 2023, 09:47 PM

ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ‘ল মুট কোর্ট’ প্রতিযোগিতার ‘সপ্তম বাংলাদেশ বাছাই পর্বে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রথম রানারআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, গত ৯ থেকে ১১ ফেব্রুয়ারি এই বাছাইপর্বে ৩২টি বিশ্ববিদ্যালয় সরাসরি এবং আটটি বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে।

বাছাইপর্বের সেরা চারটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আগামী ৮ থেকে ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশ নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐশী রহমান বাছাইপর্বের সেরা মুটারের স্বীকৃতি পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নতুন দল হিসেবে অ্যাওয়ার্ড পায়। আর ইসলামিক বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘স্পিরিট অব দ্য জেসাপ’ স্বীকৃতি পায় বাছাই পর্বে।

সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাই কোর্টের বিচারপতি নাইমা হায়দার এই প্রতিযোগিতার প্রশংসা করেন। প্রতিযোগিতায় মেয়েদের সাফল্যের ধারাবাহিকতা পেশাগত জীবনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাই কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ইলসা) প্রোগ্রাম ডিরেক্টর স্টেফানি করজান্তেস, ওপিডিএটি-ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজর ক্রিস্টোফার হাওয়ার্ড, আইইউবি আইন বিভাগের অ্যাডভাইজর প্রফেসর বোরহান উদ্দিন খান, ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট ২০২৩- বাংলাদেশ কোয়ালিফাইড রাউন্ডের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর ইফরান হোসেন মোল্লা অনুষ্ঠানে বক্তব্য দেন।