এফআইইউ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল।
নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের কর্মসূচি শেষ হয়।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সরকারের অনুমোদন পায়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সকালে ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুস, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, ফারইস্ট সোশাল ফাউন্ডেশনের সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
