২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ‘অনারারি প্রফেসর’ ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 11:17 AM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। 

রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান বলে এই বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার বেলা সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে তাকে দাফন করা হবে। 

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ ও গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

.

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সাখাওয়াত আলী খানের স্ট্রোক হয়। তখন কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। এর মধ্যে রোববার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।

সাখাওয়াত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের একজন। ২০০৮ সালে তিনি অবসরে যান। এরপর তিনি সেখানে পাঁচ বছর সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে পর্যন্ত সাখাওয়াত আলী খান বিভাগটির ‘অনারারি প্রফেসর’ ছিলেন।