খুলনার নারী উদ্যোক্তারা পেলেন প্রশিক্ষণ
এতে অংশ নেন হস্তশিল্প, ক্যাটারিং ও বুটিক উদ্যোক্তারা।
খুলনায় ৪০ নারী উদ্যোক্তাকে নিয়ে ‘বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল রেডিনেস’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।
সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় উদীয়মান নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রয়োজনীয় ও আধুনিক কৌশল শেখানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসসিবি।
এতে বলা হয়, প্রশিক্ষণে হস্তশিল্প, ক্যাটারিং ও বুটিক ব্যবসায়ী নারী উদ্যোক্তারা অংশ নেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিজনেস ব্যাংকিং প্রোডাক্টস বিভাগের প্রধান মিশায়েল আবু ইমাম, খুলনার ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ খায়রুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান প্রশিক্ষণ দেন।
এসসিবির ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, “নারী উদ্যোক্তারা বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি করেছেন। এরইমধ্যে অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এসএমই ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদেরকে খুলনার এই সুন্দর আয়োজনের অংশীদার হবার সুযোগ দেওয়ার জন্য।”
এসএমই ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলদেশ একটি স্বনামধন্য ইন্টারন্যাশনাল ব্যাংক এবং নারী ক্ষমতায়ন কার্যক্রমে তাদের অবদান সবার জন্য অনুকরণীয়। আমাদের অগ্রযাত্রায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে পাশে পেয়ে আমরা গর্বিত।”
