গ্রামীণফোনের নতুন সিএফও অটো মাগনে, সিআরও আরিফ
গ্রামীণফোন জানিয়েছে, নতুন সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। আর সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন লিমিটেড।
ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে সম্প্রতি এই দুই বিভাগের প্রধান নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন জানিয়েছে, নতুন সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। আর সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন।
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন, “অটো বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ, তিনি এর আগে টেলিনরের অন্যান্য বিজনেস ইউনিটে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার বিশ্বাস, এক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন ও কার্যকরীভাবে কার্যক্রম পরিচালনা, উভয় ক্ষেত্রেই শক্তিশালী পারফরমেন্স বজায় রাখতে ভূমিকা রাখবে অটোর সুদক্ষ নেতৃত্ব।”
নতুন সিআরও আরিফ গ্রামীণফোনে থেকেই নেতৃত্বদানের গুণে নিজেকে বিকশিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, “তার বিস্তৃত ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে গ্রামীণফোনের ফাইন্যান্স বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। বিরোধ নিষ্পত্তি ও ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে তার উদ্ভাবনী ও অনন্য কৌশল প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য ও কার্যকর মাত্রা সংযোজন করেছে।”
গ্রামীণফোন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে অটো মাগনে রিসব্যাকের। আর্থিক ক্ষেত্রে সুদক্ষ নেতা হিসেবে টেলিযোগাযোগ খাতে ১৬ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আর সিআরও আরিফের ১৬ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০০২ সালে গ্রামীণফোনে যোগ দেয়ার পর তিনি প্রতিষ্ঠানটির আর্থিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজে করেছেন।
