২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-কক্সবাজার রুটে চলবে নভোএয়ারের ফ্লাইট

রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 06:11 PM

Updated : 31 Oct 2022, 06:11 PM

রাজশাহী থেকে পর্যটন নগরী কক্সবাজারের পথে প্রতি সপ্তাহে চলাচল করবে বেসরকারি বিমান পরিবহন কোম্পানি নভোএয়ারের উড়োজাহাজ।

আগামী ১৭ নভেম্বর এই ফ্লাইট চলাচলের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে ফ্লাইট। অপরদিকে কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে।”

এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা। কক্সবাজারে তিন রাত এবং চার দিন হোটেলে ফ্রি থাকার অফারও ঘোষণা করেছে নভোএয়ার। এজন্য এই রুটে দুই জনের রিটার্ন টিকেট কিনতে হবে।

অফারের আওতায় কক্সবাজারের হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেসের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।