রিমার্ক এইচবির পণ্যে ওয়ালটনকর্মীরা পাবেন বিশেষ ছাড়
হারল্যান স্টোরে চলমান অন্যান্য প্রমোশনের বাইরেও তারা এ সুবিধা পাবেন।
প্রসাধনী পণ্য বিপণনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি রিমার্ক এলএলসির অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির বিভিন্ন পণ্যে ওয়ালটনের কর্মীরা বিশেষ ছাড় পাবেন।
ঢাকার বসুন্ধরায় সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে উভয় কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও রিমার্ক এইচবির এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল চুক্তিতে সই করেন।
উভয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির অধীনে হোম কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্যে ওয়ালটন পরিবারের সদস্যরা রিমার্কের ব্র্যান্ড শপ হারল্যান থেকে পণ্য কিনলে বিশেষ ছাড় পাবেন। হারল্যান স্টোরে চলমান অন্যান্য প্রমোশনের বাইরেও তারা এ সুবিধা পাবেন।
হারল্যান ডটকম ই-মার্কেট প্লেসে ওয়ালটন পরিবারের সদস্যরা তাদের অফিসিয়াল ই-মেইল দিয়ে লগ ইন করে কেনাকাটা করলেই আকর্ষণীয় ছাড় পাবেন।
ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার বলেন, “ওয়ালটন দেশের মানুষের হাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য তুলে দিচ্ছে। রিমার্কও বাংলাদেশি ভোক্তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গুণগতমানের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট বাজারে ছেড়েছে। এসব পণ্য ক্রয়ে ওয়ালটন সদস্যদের বিশেষ ছাড় দেয়ায় রিমার্ককে ধন্যবাদ।”
রিমার্কের হেড অব সেলস আব্দুল আলীম শিমুল বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশি ভোক্তাদের হাতে গুণগতমানের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট তুলে দেওয়া। সেজন্য আগামী বছরের মধ্যে সারাদেশে ১ হাজার ব্র্যান্ডেড শপ চালুর উদ্যোগ নিয়েছি আমরা।
সমঝোতা চুক্তি সই উপলক্ষে হারল্যান নিউইয়র্কের সিইও বলেন, “ওয়ালটনের সঙ্গে এটি শুধুমাত্র একটি পার্টনারশিপ চুক্তি নয়; বরং ওয়ালটন এবং রিমার্কের সমমনা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রমাণ। আশা করছি- আমাদের অথেনটিক প্রসাধনী সামগ্রীর ব্যাপ্তি আরও বাড়বে।”
চুক্তি সই অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন উপস্থিত ছিলেন।
