২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে ‘শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার’: পলক

দেশের প্রতিটি জেলায় একটি করে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সরকার।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে ‘শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার’: পলক

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 07:48 PM

Updated : 05 Aug 2022, 07:48 PM

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া প্রতিটি জেলায় একটি করে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামলের অবদান ও স্মৃতি ধরে রাখতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ক্যারাম ফেডারেশন। জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি।

তিনি বলেন, “শেখ কামাল যে বয়সে জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন… ঠিক সেই বয়সের ছেলেমেয়েরাই এসএসসি-এইচএসসি পাস করে ইনকিউবেশন ও বিজনেস সেন্টার থেকে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে যার যার শহরে আত্মকর্মসংস্থানের মাধ্যমে শেখ কামালকে অনুভব করতে পারবে।

“শেখ কামাল সাদামাটা জীবন ও উচ্চচিন্তার অধিকারী একজন ক্রীড়া সংগঠক ছিলেন” বলেও মন্তব্য করেন পলক।

তার ভাষায়, “তিনি (শেখ কামাল) এদেশের তরুণদের আধুনিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এটা তারুণ্যের স্বপ্নযাত্রায় চিরকাল আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

অন্যদের মধ্যে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সংসদ সদস্য ও প্রতিনিধিদের মধ্যে ক্যারাম বোর্ড বিতরণ করা হয়।

এর আগে পলক আইসিটি বিভাগ চত্বরে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়েও শ্রদ্ধা জানান সবাই।