০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সুদহার করিডোরের অভিজ্ঞতা নিতে ভারত গেলেন বাংলাদেশ ব্যাংকের ৯ কর্মকর্তা

নয় সদস্যের এ প্রতিনিধি দল এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অভিজ্ঞতা নেবেন।

সুদহার করিডোরের অভিজ্ঞতা নিতে ভারত গেলেন বাংলাদেশ ব্যাংকের ৯ কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 12:29 AM

Updated : 10 Jul 2023, 12:29 AM

সুদহার করিডোর পদ্ধতি অনুসরণ করে ঋণের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি চালুর পর এ বিষয়ে প্রশিক্ষণ নিতে ভারত গেছেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল।

নয় সদস্যের এ প্রতিনিধি দল এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অভিজ্ঞতা নেবেন। রোববার দুপুরে তারা ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোম থেকে বুধবার পর্যন্ত তিন দিন সেখানে প্রশিক্ষণ নেবেন বলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগের তদারকির দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক (গবেষণা) এজাজুল ইসলাম, মুদ্রানীতি বিভাগের পরিচালক আব্দুল কাউয়ুমসহ মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংশ্লিষ্ট ছয় কর্মকর্তা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে আর্থিক খাতে সংস্কারের অনেক উদ্যোগের মধ্যে সুদহার সীমা ৯ শতাংশ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

গত জুনে ঘোষিত জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহারের সীমা ৯ শতাংশ তুলে দিয়ে সুদহার করিডোর পদ্ধতি অনুসরণ করে রেফারেন্স রেট চালু করে। মুদ্রানীতির আগের কাঠামোতে থাকা ‘মনিটারি টার্গেটিং’ নীতি পরিবর্তন তরে ‘ইন্টারেস্ট রেট টার্গেটিং’ নীতি চালু করা হয়।

আরবিআই অনেক আগে থেকে রেফারেন্স রেট পদ্ধতি চালু করেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে রেপো সুদহারকে পলিসি রেট হিসেবে বর্ণনা করেচে। আর রিভার্স রোপোকে ‘স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি’ (এসডিএফ) বলে আসছে।

একইভাবে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতিতে কলমানিতে সুদহার করিডোরের নিম্নসীমা রিভার্স রোপো এর নাম বদলে ‘স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি’ (এসডিএফ) করেছে।