২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারসহ ৫ বিদেশি মুদ্রার লেনদেনও আরটিজিএসে

বর্তমানে এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে কাগুজে এফডিডি পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি করে থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 10:28 PM

Updated : 28 Aug 2022, 10:28 PM

তাৎক্ষণিকভাবে লেনদেন নিষ্পত্তি করতে ডলারসহ পাঁচ বিদেশি মুদ্রা আরটিজিএস (রিয়েলটাইম গ্রস সেটেলমেন্ট) পদ্ধতিতে স্থানান্তর শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর থেকে।

রোববার এ সংক্রান্ত পরিপত্র সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, তাৎক্ষণিক বিদেশি মুদ্রা স্থানান্তর বা রিয়েলটাইম সেটেলমেন্ট সম্পন্ন করতে আরটিজিএস পদ্ধতি ব্যবহার করা হবে।

বর্তমানে এক লাখ টাকার উপরে স্থানীয় মুদ্রা আরটিজিএসের মাধ্যমে এক ব্যাংক হিসাব থেকে আরেক ব্যাংক হিসাবে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।

২০১৫ সাল থেকে চালু হওয়া আরটিজিএস পদ্ধতিতে স্থানীয় মুদ্রার পাশাপাশি বিদেশি মুদ্রাও লেনদেন করার সুযোগ রয়েছে।

বর্তমানে দেশে ডলার, পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার ও জাপানের ইয়েন- এই পাঁচ বিদেশি মুদ্রা ফরেইন ডিমান্ড ড্রাফট (এফডিডি) পদ্ধতিতে নিষ্পত্তি হয়।

এ পদ্ধতিতে এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে কাগুজে নথি ব্যবহার করে লেনদেন নিষ্পত্তি করে থাকে। এতে সময় লাগে বেশি।

এখন আরটিজিএস পদ্ধতিতে সেসব ঝক্কি এড়িয়ে তাৎক্ষণিকভাবে লেনদেন সম্ভব হবে। শিগগির এ তালিকায় চীনের মুদ্রা ইউয়ানও যুক্ত হবে।

বিদেশি মুদ্রার লেনদেন অটোমেশন করার ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলছে, “বৈদেশিক মুদ্রা স্থানান্তর সরাসরি কাগুজে পদ্ধতিতে নিষ্পন্ন হয়ে থাকে, যা সময়সাপেক্ষ ও অর্থখরচ বেশি হওয়ার পাশাপাশি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বৈদেশিক মুদ্রার লেনদেন আরও আধুনিক, সময়োপযোগী ও স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিমুক্ত করতে আরটিজিএস মাধ্যমে করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।”

অটোমেশন হলেও শুধু সমজাতীয় বিদেশি মুদ্রার লেনদেনই নিষ্পন্ন হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতি লেনদেনে ১০০ টাকা পর্যন্ত সেবা ফি নিতে পারবে বলে পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।