২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

প্রাণ-আরএফএল গ্রুপের নুডলস ও কেবলসের নতুন দুটি লাইন উদ্বোধন করা হয়েছে।

প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

হবিগঞ্জে অবস্থিত প্রাণ- আরএফএলের শিল্পপার্ক মঙ্গলবার পরিদর্শনে গিয়ে নুডলস ও ক্যাবলসের নতুন দুটি লাইন উদ্বোধন করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 05:41 PM

Updated : 15 Feb 2023, 05:41 PM

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক ঘুরে দেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার হবিগঞ্জে অবস্থিত কোম্পানির শিল্পপার্ক পরিদর্শনে গিয়ে নুডলস ও কেবলসের নতুন দুটি লাইন উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রসুল ও পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল তাকে স্বাগত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পপার্ক পরিদর্শনকালে এনবিআর চেয়ারম্যান জুস ও বেভারেজ, বিস্কুট, কনফেকশনারি, কাসাভা, লিকুইড গ্লুকোজ, ট্রান্সফরমার, বাইসাইকেলসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

পরে মো. রহমাতুল মুনিম বলেন, “বাংলাদেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আরএফএল গ্রুপকে আরও বড় বড় শিল্পে বিনিয়োগ করতে হবে, এর ফলে দেশের অর্থনীতি যেমন এগিয়ে যাবে, তেমনি অনেক মানুষের কর্মসংস্থান হবে।”

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কটি হবিগঞ্জের ‘অর্থনৈতিক চেহারা পাল্টে দিয়েছে’ মন্তব্য করে আহসান খান চৌধুরী বলেন, ”বিশাল এই শিল্পপার্কটিতে ২৫ হাজার লোক কাজ করছে যার ৯০ শতাংশ স্থানীয়। প্রাণ-আরএফএল গ্রুপ কারখানাটিতে আরও নতুন পণ্য যোগ করছে এবং অধিক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে।”

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক (শুল্ক নীতি), সামস্ উদ্দিন আহমেদ (কর নীতি) ও জাকিয়া সুলতানা (মূসক নীতি), সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আকবর হোসেন এবং আয়কর কমিশনার সৈয়দ জাকির হোসেন উপস্থিত ছিলেন।