আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
দুদক জেনেছে, তারা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
দুদকের তরফে উপপরিচালক সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান করছে কমিশন। বর্ণিত তাদের ব্যাংক হিসাবগুলোতে ‘সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের’ তথ্য মিলেছে। দুদক জেনেছে, তারা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। আর তা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা দরকার।
২০২০ সালের ৬ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে যোগ দেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২৪ সালের ৬ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরও রহমাতুল মুনিমকে চুক্তিতে এনবিআর চেয়ারম্যান করে রেখেছিল শেখ হাসিনার সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ অগাস্ট সেই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে করে অন্তর্বর্তী সরকার।
