২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের শিল্পমেলা বৃহস্পতিবার শুরু

প্রদর্শনীতে ২১টি স্টলে ওয়ালটনের পণ্যসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল, উপকরণ, ল্যাব ও এর সেবা তুলে ধরা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 05:43 PM

Updated : 09 Aug 2023, 05:43 PM

ঢাকায় তিন দিনের একটি আন্তর্জাতিক শিল্পমেলার আয়োজন করছে দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ মেলা শুরু হবে, যা চলবে শনিবার পর্যন্ত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

বুধবার সংবাদ সম্মেলনে ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’ শীর্ষক এ প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়।

এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, এটিএস এক্সপো হবে বাংলাদেশে একক কোনো প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক শিল্পমেলা।

”এতে একই ছাদের নিচে সমাহার ঘটবে ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে এ তৈরি আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটিস। এগুলোর অধিকাংশই প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

তিনি জানান, দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের সামনে ওয়ালটন উৎপাদিত এসব পণ্য, টেস্টিং ল্যাব ও এর ফ্যাসিলিটি তুলে ধরার মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় আরও বাড়াতে এ মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ালটনের উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস কাজে লাগানোর মাধ্যমে দেশের প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠান উপকার পেতে পারে মন্তব্য করে তিনি দেশি শিল্পোদ্যাক্তাদের এটিএস এক্সপোতে আসার আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এটিএস এক্সপোর চেয়ারম্যান ও ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর জানান, এক্সপোতে ২১টি স্টলে পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটিস প্রদর্শন করা হবে।

মেলার দ্বিতীয় দিন শুক্রবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিএমডি ও এটিএস এক্সপোর কো-চেয়ারম্যান ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও এটিএস এক্সপোর কো-অর্ডিনেটর এ এফ এম নাসির উদ্দিন।