ডলারে ‘অতিরিক্ত’ দর: আরও ৬ ব্যাংকের ব্যাখ্যা তলব
ডলারের বাজারে অস্থিরতার মধ্যে এসব ব্যাংক বেশি দামে ডলার বিক্রি করেছে বলে প্রমাণ মিলেছে।
বেশি দামে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দ্বিতীয় দফায় আরও ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার দেশি বিদেশি এই ছয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
ব্যাংকগুলোর নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘ডলার নিয়ে একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এজন্য এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জিরো টলারেন্স অনুসরণ করবে। ব্যাংকগুলোতে পরিদর্শন কার্যক্রম চলছে। অভিযোগ পেলে আরও ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।’’
‘ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন’ করায় আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৮ অগাস্ট প্রথম দফায় ছয় ব্যাংকের এমডিদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
ডলারের বাজারে অস্থিরতার মধ্যে এসব ব্যাংক বেশি দামে ডলার বিক্রি করেছে বলে পরিদর্শনে গিয়ে প্রমাণ পান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এখন পর্যন্ত ১৮টি ব্যাংকের বিরুদ্ধে এমন তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে ব্যাখ্যা চাওয়া ১২ ব্যাংকের দুটি বিদেশি।
এর আগে বেশি দামে ডলার বিক্রি করায় ৮ আগস্ট একসঙ্গে ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে পদ থেকে অপসারণের নির্দেশও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার ব্যাখ্যা চাওয়া ব্যাংকগুলোর এমডিদের কাছে এ বিষয়ে জানতে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দেওয়া হয়। তবে কোনো ব্যাংকের পক্ষ থেকে উত্তর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি ও রেমিটেন্স সেভাবে না বাড়ায় তীব্র সংকট দেখা দেয় ডলারে; দামও চড়তে থাকে।
এক বছরের ব্যবধানে ৮৪ দশমিক ৮০ টাকা দরের ডলারের দর গিয়ে ঠেকে ১০৯ টাকায়; আর খোলা বাজারে কেনাবেচা হয় ১২১ টাকাতেও।
বর্তমানে তা কিছুটা কমে ব্যাংকে নগদে ১০৪ থেকে ১০৫ টাকা ও খোলা বাজারে ১০৯ টাকা বিক্রি হচ্ছে।
যদিও চাহিদা মেটাতে ব্যাংকের কাছে ৯৫ টাকা দরে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।
বাড়তি চাহিদার সুযোগে ব্যাংকগুলো হাতে মজুদ ডলার দাম বাড়িয়ে বিক্রি শুরু করে। এতে আরও অস্থিতিশীল হয়ে উঠে প্রধান এ বিদেশি মুদ্রার বাজার। কয়েকটি ব্যাংক অল্প সময়ের ব্যবধানে ২০০ কোটি টাকা পর্যন্ত মুনাফা করে বলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে। এরপর এসব ব্যাংকের ব্যাখ্যা চাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
