২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পে-স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি আইবিসির

শ্রমিক সংগঠনের এ জোট ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 08:56 PM

Updated : 19 Sep 2026, 08:56 PM

সরকারি পে-স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনের জোট— ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

তারা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন স্কেল ঘোষণা সঙ্গে সঙ্গেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। শ্রমিকদের বাড়ি ভাড়া বৃদ্ধিরও তোড়জোড় শুরু হয়েছে।

শনিবার রাজধানীর ঢাকা রির্পোর্টাস ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় বলে আইবিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

লিখিত বক্তব্যে বলা হয়, নতুন আইন অনুযায়ী, গত মে মাসের প্রথম সপ্তাহে মজুরি বোর্ড পুনঃগঠন হওয়ার কথা ছিল। বোর্ড গঠন হওয়ার ছয় মাসের মধ্যে সরকারের কাছে নির্ধারিত মজুরির হারসংক্রান্ত প্রস্তাব পেশ করার কথা। কিন্তু সরকার এ বিষয়ে এখনও কোনো উদ্যোগ নেয়নি।

সংবাদ সম্মেলনে নতুন মজুরিসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন করা, ৩০ নভেম্বরের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারন করা এবং ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কার্যকর করা।

দাবি আদায়ে ৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ, মিছিল ও শ্রমমন্ত্রীকে স্বারকলিপি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

৫ অক্টেবর থেকে ২০ অক্টোবর গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে আইবিসির আঞ্চলিক কমিটিগুলোর উদ্যোগে হবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।