বায়রা নির্বাচনে হট্টগোল, দ্বিতীয় দফায় ভোট গণনা
শান্তিপূর্ণ ভোটের পর গণনার সময় রাতে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা হট্টগোল শুরু করেন।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এর দ্বিবার্ষিক নির্বাচনে ভোট শেষে গণনার সময় হট্টগোল ও সমর্থকদের মধ্যে হাতাহাতির কারণে দ্বিতীয় দফা গণনা করা হচ্ছে।
শনিবার ঢাকায় সোনারগাঁও হোটেলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেতা নির্বাচনে ভোট দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর সদস্যরা।
দ্বি বার্ষিক (২০২২-২০২৪ সালের জন্য) নির্বাচনে মোট ১০৪২ জন ভোটরের মধ্যে ভোট পড়েছে ৯৬৯টি। এবার তিন প্যানেল থেকে সংগঠনের নেতৃত্বে আসতে প্রতিদ্বন্দ্বীতা করছেন সদস্যরা।
নির্বাচনের সময় সব ঠিকঠাক থাকলেও সন্ধ্যার পর ভোট গণনার সময় প্রার্থীদের কর্মী ও সমর্থকরা হট্টগোল শুরু করেন; তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এমন গোলযোগের মধ্যে রাত পৌনে আটটার দিকে সমর্থকেরা যার যার প্রার্থীকে বিজয়ী উল্লেখ করে স্লোগান দিতে থাকেন।
এসময় পুলিশ ও আনসাররা ভোটকেন্দ্র থেকে লোকজনকে বের করে দেন।
রাত সোয়া আটটার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক হট্টগোলকারীদের সরিয়ে দিয়ে মাইকে ভোট পুনর্গণনার ঘোষণা দেন। এসময় ভোটকেন্দ্রে ঢোকার ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে ভেতর থেকে লোকজনকে বের করে দেন।
উপকমিশনার ঘোষণা দেন, “এখানে বায়রার সদস্য বা ভোটার ছাড়া বাইরের কেউ থাকলে তাদের দুষ্কৃতিকারী হিসেবে আইনের আওতায় আনা হবে।“
পরে পুলিশের উপস্থিতিতে শুরু হয় ভোট পুর্নগননা। রাত ১২টা পর্যন্ত তা চলছিল।
শনিবার জনশক্তি রপ্তানিকারদের এ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁও হোটেলের চারদিক প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে ভরে গেছে; দেখা গেছে উৎসবমুখর পরিবেশও।
হোটেলের আশেপাশের সড়কে এবং ইস্কাটনে বায়রা কার্যালয়সহ বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটি ও সড়ক বাতির খুঁটিতে লাগানো হয় প্রার্থীদের পোস্টার ও ব্যানার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে তিনটি প্যানেল। একটির নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সংগঠনের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। আরেকটির নেতৃত্বে আছেন সংগঠনের সাবেক সভাপতি নুর আলী ও সাবেক সভাপতি আবুল বাশার। তাদের এ প্যানেল সিন্ডিকেটবিরোধী প্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। আর অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।
