প্রতিদিন ঢাকা-ব্যাংকক দুটি ফ্লাইট চালাবে থাই এয়ারওয়েজ
আগামী ১৬ জুলাই থেকে এই রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালাবে থাইল্যান্ডের এ বিমান পরিবহন সংস্থা।
ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে থাই এয়ারওয়েজ।
আগামী ১৬ জুলাই থেকে এই রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালাবে থাইল্যান্ডের এ বিমান পরিবহন সংস্থা।
সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন থাই এয়ারওয়েজের বিপণন কোম্পানি (জিএসএ) এয়ার গ্যালাক্সির এমডি আহমেদ ইউসুফ ওয়ালিদ।
তিনি বলেন, “ঢাকা-ব্যাংকক রুটে আগে প্রতিদিন সিঙ্গেল ফ্লাইট ছিল। এখন থেকে ডাবল ফ্লাইট সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা।”
প্রতিদিন ব্যাংকক থেকে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে একটি ফ্লাইট। আর ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
আর রাতের ফ্লাইটটি রাত ১টা ৩৫ মিনিটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছাবে। রাতেই আবার ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
দিনে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার অথবা বোয়িং ৭৭২ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। যাতে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি ক্লাসের সিট।
আর রাতের ফ্লাইটগুলো এয়ারবাস এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের আসন।
গ্যালাক্সি এয়ারওয়েজের এমডি বলেন, ঢাকা- ব্যাংকক রুটে ডাবল ফ্লাইট চালু উপলক্ষে ‘হ্যাপি জুলাই' নামে বিশেষ ছাড় রয়েছে। এতে দুজন এক সাথে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ ফ্রিতে বহনের সুবিধা পাবেন। তবে এই সুবিধা মিলবে শুধু এশিয়া, নর্থ এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটে ভ্রমণ করলে।
তিনি বলেন, থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এছাড়া কোনো যাত্রী আগে থেকে কী খাবার খেতে চান তাও তিনি নির্ধারণ করে রাখতে পারবেন।
