২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহযোগিতায় ২ হাজার পরিবারে বিদ্যানন্দের খাদ্যসামগ্রী বিতরণ

পাঁচ সদস্যের দুই হাজার পরিবারের জন্য ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2023, 07:08 PM

Updated : 31 May 2023, 07:08 PM

সুবিধাবঞ্চিতদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রায় ১২ হাজার মানুষের মধ্যে তৈরি খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রমজানে দুই হাজার বস্তিবাসী ও উদ্বাস্তুদের জন্য সেহরি বিতরণের মাধ্যমে এই উদ্যোগটি শুরু হয়েছিল।

এর আওতায় পাঁচজনের পরিবারকে ১৫ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। চাল, ডাল, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজটি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবার এবং বস্তিতে বসবাস করে এমন আরও এক হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

ব্যাংকটির সিইও নাসের এজাজ বিজয় বলেন, “দৈন্যপীড়িত মানুষদের মুখে খাবার তুলে তাদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘবের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ফলে শ্রমজীবী ও তাদের পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

“তাদের জীবনকে যথাসম্ভব সহজ করে তুলতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে আমাদের আশপাশের মানুষদের জীবনে লক্ষণীয় পরিবর্তন আসবে বলে আমি মনে করি।"