৭২ ঘণ্টার মধ্যে ব্র্যাক ব্যাংকের টালি লোন ‘দ্রুতি’
ব্যবসায়ীর টালি খাতার নথি মূল্যায়ন করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ঋণ দেওয়া হচ্ছে।
দেশে প্রথমবারের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘দ্রুতি’ নামের একটি ‘টালি লোন’ কর্মসূচি চালু করেছে ব্র্যাক ব্যাংক।
নতুন এই ঋণ কর্মসূচি নারায়ণগঞ্জে চালু করা হয়েছে এবং কুমিল্লা ও নরসিংদীতেও শিগগির চালু করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, দেশে নতুন ধারার এই ঋণ কর্মসূচির আওতায় কোনো ধরনের সম্পদ বন্ধক ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ীর টালি খাতার নথি মূল্যায়ন করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে। দুই বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারবেন গ্রাহক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঋণ গ্রহীতা পুরুষ ব্যবসায়ীরা দুই বছর এবং নারী ব্যবসায়ীরা এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এ ঋণ পাবেন।
ব্র্যাক ব্রাংকের ‘টালি লোন’ পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা লেনদেন এবং ঋণযোগ্যতার প্রমাণ হিসেবে তাদের টালি খাতা ব্যবহার করবেন। আবেদনকারীর টালি খাতার নথি মূল্যায়ন করে ৭২ ঘণ্টার মধ্যেই ঋণ ছাড় করা হয় বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের রিলেশনশিপ অফিসাররা ক্ষুদ্র ব্যবসা পরিদর্শনের পর ব্যবসায়ীদের টালি খাতার নথি অনুযায়ী তাদের প্রয়োজন ও চাহিদাগুলো মূল্যায়ন করেন এবং ঋণের আবেদনগুলো গ্রহণ করেন। গ্রাহকদের প্রয়োজনীয় কাগজপত্র, যেমন- ঋণের আবেদনের জন্য ট্রেড লাইসেন্স পেতেও সাহায্য করছে ব্যাংক।
ব্র্যাক ব্যাংক জানায়, ক্ষুদ্র ব্যবসার জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জে এই উদ্যোগ চালু করা হয়েছে। পরবর্তীতে কুমিল্লা ও নরসিংদী অঞ্চলেও এই ‘দ্রুতি’ ঋণ চালু করার পরিকল্পনা রয়েছে।
নারায়ণগঞ্জে এই ঋণ চালুর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, “এই ঋণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মানসিক বাধা অতিক্রম করতে এবং অর্থায়নে সহায়তা করে ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করছে। ফলে ঋণ চক্র থেকে মুক্ত হয়ে ব্যবসায়ীয়া স্বচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।”
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংকের টালি লোন ‘দ্রুতি’র কারণে আর্থিক লেনদেনের প্রতি ব্যবসায়ীদের যে আস্থা তা ব্যাংকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও সমান সুযোগ তৈরি করছে।”
এই ঋণ অনুমোদনের প্রক্রিয়াটি খুবই সহজ। এক্ষেত্রে শুধু টালি খাতার নথি মূল্যায়ন করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে ঋণ দেওয়া হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতে ব্র্যাক ব্যাংক আগামীতে আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে।
