রপ্তানি মূল্যের ‘যথার্থতা’ খতিয়ে দেখার পরামর্শ বিআইডিএস ডিজির
পোশাক রপ্তানির প্রবৃদ্ধির সঙ্গে মূল্য সংযোজনের বেলায় তেমন প্রভাব দেখা যাচ্ছে না বলেও মনে করেন তিনি।
অর্থ পাচারের বিষয়ে সতর্ক থাকতে রপ্তানি পণ্যের মূল্য যথাযথভাবে নির্ধারণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন।
শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনের নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের প্রথম দিনের এক অধিবেশনে তিনি এ কথা বলেন।
ওই অধিবেশনে সেশন চেয়ারের দায়িত্ব পালনকালে রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেন বলেন, ‘‘২০১০ সালের দিকে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাংলাদেশের ওভার ভ্যালুড ছিল। বিনিময় হার ওভার ভ্যাল্যুড হলে ক্যাপিটাল ফ্লাইট (অর্থপাচার) হয়।’’
কিছু দিন আগে পর্যন্ত বৈদেশিক মুদ্রার বিনিময় হার কেন এভাবে ধরে রাখা হয়েছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এর প্রভাব বের করা প্রয়োজন বলে মত দেন তিনি।
বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রতিবছরই অর্থ পাচারের ঘটনা ঘটছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে।
সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিআইডিএসের ডিজি বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এক জায়গায় ধরে রাখায় তৈরি পোশাক খাতসহ রপ্তানিকারকরা সুবিধা নিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে। তারা ঋণ পুনঃতফসিল করেছেন বড় অঙ্কের, রপ্তানির বিপরীতে প্রণোদনা নিচ্ছেন, সুদ মওকুফসহ অনেক সুবিধা নিয়েছেন।
‘‘তৈরি পোশাক খাতের রপ্তানিকৃত পণ্যের মধ্যে কতটুকু মূল্য সংযোজিত হচ্ছে তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। বিশেষ করে যে দামে পণ্য রপ্তানি হচ্ছে কেস-টু-কেস ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন কতটুকু মূল্য সংযোজিত হচ্ছে। আর যে দরে পণ্য যাচ্ছে, তা যথাযথ কি না?’’
তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধির সঙ্গে মূল্য সংযোজনের বেলায় তেমন প্রভাব দেখা যাচ্ছে না বলেও মনে করেন তিনি।
বিনায়েক সেনের এমন বক্তব্যের পর বিআইবিএম এর মহাপরিচালক আকতারুজ্জামান বলেন, ‘‘২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ের তৈরি পোশাক পণ্য রপ্তানিতে ৫৫ থেকে ৬২ শতাংশ মূল্য সংযোজিত হয়েছে বলে দেখা গেছে।’’
আলোচনায় অর্থনীতিবিদরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের সুবিধা বা ফলাফল কী হতে পারে তা নিয়ে গবেষণা করতে বাংলাদেশ ব্যাংক বা বিআইবিএমের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্মেলনে প্রথম দিনে চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিকালে অনুষ্ঠিত ‘ম্যাক্রো ফাইন্যান্সিয়াল এনভারনমেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল সেক্টর’ শীর্ষক অধিবেশনে সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন বিনায়েক সেন।
এতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, বাজেট ঘাটতির প্রভাব, চতুর্থ শিল্প বিপ্লবে ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তর ও ফিনটেকের ভবিষ্যত এবং ডিজিটাল বা ই-মানির প্রচলনের প্রভাব নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন ব্যাংকাররা।
প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান, বিআইবিএম এর সুপার নিউমারি অধ্যাপক মো. আহসান উল্ল্যাহ ও সহযোগী অধ্যাপক শিহাব উদ্দিন খান।
কোভিড ১৯ এর কারণে ২০২০ ও ২০২১ সালের বিরতির পর এবার অনুষ্ঠিত দুই দিনের আয়োজনে বাংলাদেশের পাশাপাশি অনলাইনেভারত, মালয়েশিয়া ও নেপালের ব্যাংকাররা অংশ নিচ্ছেন।
