সিএমএসএমই খাতে পুণঃঅর্থায়ন ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ডিবিবিএল চুক্তি
সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের মেয়াদী ঋণের বিপরীতে পুণঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এই ঋণ দেওয়া হবে
বাংলাদেশ ব্যাংকের পুণঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কুটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে (সিএমএসএমই) ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) চুক্তি হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের শাখাগুলো সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের মেয়াদী ঋণের বিপরীতে পুণঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এই ঋণ দেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিবিএল জানায়, বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মো. জাকের হোসেন এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হকসহ বাংলাদেশ ব্যাংক ও ডিবিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
