২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে রেমিটেন্স সিটি ব্যাংকে পাঠালে বাড়তি প্রণোদনা

সিটি ব্যাংকের চেয়ারম্যান হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

মালয়েশিয়া থেকে রেমিটেন্স সিটি ব্যাংকে পাঠালে বাড়তি প্রণোদনা

কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডির মালয়েশিয়ার ‘সিটি রেমিট’ মোবাইল রেমিটেন্স অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে আজিজ আল কায়সার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:57 PM

Updated : 17 Oct 2022, 06:57 PM

বিদেশ থেকে টাকা পাঠালে সরকার আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে থাকে; মালয়েশিয়া প্রবাসীদের জন্য আরও ২ শতাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক।  

রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডির মালয়েশিয়ার ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এই ঘোষণা দেন বলে বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘হুন্ডিকে না বলুন’ শিরোনামের এই অনুষ্ঠানে তিনি বলেন, ঘোষিত ২ শতাংশ বাড়তি প্রণোদনা আগামী ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়ে পরবর্তী তিন মাসের জন্য প্রযোজ্য থাকবে।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সেখানে সিবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে দেশে সিটি ব্যাংকে অর্থ পাঠালে সব মিলিয়ে সাড়ে ৪ শতাংশ প্রণোদনা পাবেন।

‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপটি ব্যবহার করে কর্মস্থলে বা ঘরে বসেই টাকা পাঠানো যাবে বাংলাদেশে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, “দেশে প্রবাসী রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়া এবং ডলারের সঙ্কট কিছুটা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই প্রণোদনা রেমিটেন্স প্রবাহ বাড়াতে অনেক সাহায্য করবে।”

সিটি ব্যাংক জানিয়েছে, ‘সিটি রেমিট’ নামের ক্রস-বর্ডার ব্যাংকিং রেমিটেন্স চ্যানেল অ্যাপটির মাধ্যমে যে কোনো প্রবাসী গ্রাহক তার মালয়েশীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ পিক-আপ, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে দেশে তাৎক্ষণিক ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ার পরিচালক ফারুক সোবহান ও গুরচরণ সিং উপস্থিত ছিলেন।