২০২৫ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশে নামিয়ে আনতে চায় ইউনিলিভার
বহুজাতিক এই কোম্পানিটি দেশে পণ্য প্যাকেজিংয়ে পুনঃব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ২৫ শতাংশ বাড়াবে।
নতুন পণ্য উৎপাদনে প্লাস্টিকের ব্যবহার আগামী ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)।
এসময়ের মধ্যে বহুজাতিক এই কোম্পানিটি দেশে পণ্য প্যাকেজিংয়ে পুনঃব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ২৫ শতাংশ বাড়াবে, নিজস্ব পণ্যের জন্য উৎপাদিত প্লাস্টিকের চেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ ও পুনঃব্যবহার উপযোগি করবে।
সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব লক্ষ্যের কথা ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
‘বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩’ এর ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘নেভিগেটিং দ্য পাথ টু প্লাস্টিক সাসটেইনেবিলিটি উইথ জাভেদ আখতার’; শিরোনামে কোম্পানির কর্পোরেট অফিসে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ব্র্যাক, নর্থ সাউথ, এআইইউবি এবং এমআইএসটিসহ দেশের আরও কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
নিজস্ব পণ্যের উৎপাদনে ব্যবহৃত প্লাস্টিকের প্রতি দায়বদ্ধতা নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে জাভেদ আখতার বলেন, “প্লাস্টিক সাসটেইনিবিলিটি অর্জনের লক্ষ্যে আমাদের এই যাত্রা ইউনিলিভারের গ্লোবাল ফ্রেমওয়ার্ক- ‘লেস প্লাস্টিক, বেটার প্লাস্টিক ও নো প্লাস্টিক’ নীতি দ্বারা পরিচালিত।
“বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে ইউনিলিভার ২০২৫ সালের পণ্য উৎপাদনে নতুন প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্যাকেজিং এ ব্যবহৃত পুনঃব্যবহৃত প্লাস্টিকের প্রয়োগ ২৫ শতাংশ বৃদ্ধি করা, নিজস্ব পণ্যের জন্য উৎপাদিত প্লাস্টিকের চেয়ে অধিক পরিমাণ প্লাস্টিক সংগ্রহ ও পুনঃব্যবহারের উপযোগী করে তোলাও লক্ষ্য।”
তিনি বলেন, “২০২২ থেকে আমরা ৮ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও শতভাগ পুনঃব্যবহার নিশ্চিত করেছি। এই অর্জন সার্কুলার ইকোনমি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন ও আগামী প্রজন্মের জন্য আরো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে টেকসই ব্যবসায়িক চর্চা গড়ে তোলায় আমাদের প্রচেষ্টা।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশের প্রথম রিফিল মেশিনের অভিজ্ঞতাও লাভ করেন। লিকুইড পণ্যের ব্যবহারে প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে বিগত বছর এই উদ্যোগটি গ্রহণ করা হয়।
