২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোবাইক প্রদর্শনীতে ‘দুরন্ত’ বাইসাইকেল

“প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন নতুন দেশে পণ্য রপ্তানি করতে পারব বলে আশা রাখছি,” বলেন দুরন্ত বাইসাইকেলের প্রধান পরিচালন কর্মকর্তা।

ইউরোবাইক প্রদর্শনীতে ‘দুরন্ত’ বাইসাইকেল
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোবাইক প্রদর্শনীতে দুরন্ত বাইসাইকেলের স্টল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 11:11 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

বাইসাইকেলের আন্তর্জাতিক প্রদর্শনী ইউরোবাইকে অংশ নিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী আরএফএলের তৈরি বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’। 

গত ৩ জুলাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হওয়া পাঁচ দিনের প্রদর্শনিটিতে তারা অংশ নিয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি। 

বিশ্বের ৬০টি দেশের এক হাজার ৮০০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেওয়ার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইসাইকেলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী হচ্ছে ইউরোবাইক ফেয়ার।

বাইসাইকেল উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলো এ প্রদর্শনীতে অংশ নেয় এবং ব্যবসায়িক চুক্তিও করে অনেকে।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রসঙ্গে দুরন্ত বাইসাইকেলের প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “এবার আমরা তৃতীয়বারের মত এ প্রদর্শনীতে অংশ নিয়েছি। গত দুইবারের ধারাবাহিকতায় এবারও আমরা ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাব বলে আশা করছি।

“বর্তমানে আমরা বিশ্বের ১৫টি দেশে বাইসাইকেল রপ্তানি করছি। এবারের প্রদর্শনীর মাধ্যমে আমরা আরো নতুন নতুন দেশে আমাদের পণ্য রপ্তানি করতে পারব বলে আশা রাখছি।”

প্রদর্শনীতে স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি ‘দুরন্ত’ বাইসাইকেল কিডস্, জুনিয়র, অ্যাডাল্ট সাইকেল ও হাই-এন্ডের ই-বাইক রাখা হয়েছে।