২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের সম্মেলনে বিশেষ সেবা দিল বিকাশ

ট্রেড লাইসেন্স ছাড়াই ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলা’র এ সুবিধা পান উদ্যোক্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 08:51 PM

Updated : 17 Oct 2022, 08:51 PM

নারী উদ্যোক্তাদের সম্মেলন ‘উই সামিটে’ ট্রেড লাইসেন্স ছাড়াই উদ্যোক্তাদের পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলা, পেমেন্ট গ্রহণ সংক্রান্ত সেবা দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।

গত শুক্র ও শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু দিনের এ সম্মেলন হয়।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ছাড়াই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধিত সিম দিয়ে বিশেষ এই অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।

এ অ্যাকাউন্টে পেমেন্ট গ্রহণ, সেন্ড মানি, স্বল্প খরচে ক্যাশ আউট ও অন্য মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে ব্যবসা প্রসারে অবদান রাখা যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দেশি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনাকারী নারী উদ্যোক্তাদের বড় প্ল্যাটফর্ম ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’ (উই) এ সম্মেলনে আয়োজন করে। এ প্ল্যাটফর্মে রয়েছে প্রায় ১৩ লাখ সদস্যের ফেইসবুক গ্রুপ এবং চার লাখের বেশি নারী উদ্যোক্তা।

বিকাশ জানায়, এবারের সম্মেলনে উদ্যোক্তাদের আরও দক্ষ ও সফল ব্যবসায়ী করে তোলার লক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, স্টার্ট আপ সাপোর্ট ইত্যাদির আয়োজন করা হয়।

এতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের পাশাপাশি বিকাশও স্পন্সর কোম্পানি হিসেবে সহযোগিতা করেছে।

সম্মেলনে প্যানেল আলোচনায় বিকাশের চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান বলেন, “নারী উদ্যোক্তারা যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলো করছেন, সেগুলোকে সহজ ও নিরাপদ করতে প্রযুক্তিগত স্মার্ট সল্যুশন দেওয়ার একটি প্রচেষ্টা পিআরএ। বিকাশ নারী উদ্যোক্তাদের এই সেবা দিতে পেরে গর্বিত।”