রোজায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিসিং সুবিধা
দেশের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় বিকল হওয়া পানির পাম্প সারাতে ‘ফ্রি সার্ভিসিং’ সেবা দিচ্ছে ‘আরএফএল ওয়াটার পাম্প’।
রোজার মাসে দেশের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় বিকল হওয়া পানির পাম্প সারাতে ‘ফ্রি সার্ভিসিং’ সুবিধা দিচ্ছে ‘আরএফএল ওয়াটার পাম্প’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানিয়েছে, ‘স্বস্তির প্রার্থনা’ নামে কর্মসূচির আওতায় এই ‘সেবা’ দিচ্ছে তারা।
এ কর্মসূচিতে ইতিবাচক সাড়া মিললে দেশের প্রতিটি বাসা-বাড়িকে ‘ফ্রি শিডিউল সার্ভিস’ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।
আরএফএল বলছে, “পবিত্র রমজান মাসে দেশের ধর্মপ্রাণ মানুষ যেন নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় ফ্রি সার্ভিসিং সেবা পৌছে দেওয়া হচ্ছে।“
সম্প্রতি ঢাকার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল) এর পরিচালক মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, “গ্রাহকদের হাতে উচ্চ মানসম্পন্ন ওয়াটার পাম্প পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানেও অন্যদের চেয়ে এগিয়ে আরএফএল ওয়াটার পাম্প। এরই ধারাবাহিকতায় বিকল হওয়া ওয়াটার পাম্প যাতে ধর্মপ্রাণ মানুষের ইবাদতে বাঁধা হয়ে না দাড়ায় সেই লক্ষ্যে এই কর্মসূচি করা হচ্ছে।"
আরএফএল ওয়াটার পাম্পের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, “এই কর্মসূচিতে বিনা খরচে দেশের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় সার্ভিসিং সেবা প্রদান করা হচ্ছে এবং এতে আশানুরূপ সাড়া পেলে দেশের প্রতিটি বাসা-বাড়িকে ফ্রি সিডিউল সার্ভিস সেবার আওতায় আনা হবে।”
আরএমআইএলের জেনারেল ম্যানেজার (বিক্রয়) শহিদুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আবদুর রাজ্জাক ও মো. রায়হান এবং সার্ভির্সিং বিভাগের প্রধান মো. শহিদুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।
