২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১২.৫ মিলিয়ন ডলারের’ বিনিয়োগ পেল এ কে এস খান ফার্মাসিউটিক্যালস

এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের এই রিটেইল ফার্মেসি চেইন ৮০টি শাখা সম্প্রসারণ এবং ৩০টির বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 01:19 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আইএফইউ) থেকে সাড়ে ১২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাওয়ার কথা জানিয়েছে এ কে এস খান ফার্মাসিউটিক্যালস।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের এই রিটেইল ফার্মেসি চেইন ৮০টি শাখা সম্প্রসারণ এবং ৩০টির বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। একেএস হোল্ডিংসের চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান এবং আইএফইউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স বো বারট্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশজুড়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রসারের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ কে এস খান ফার্মাসিউটিক্যালস বলছে, আইএফইউ’র এই বিনিয়োগের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছরে ৮ মিলিয়ন রোগীর কাছে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হবে তারা। 

এছাড়া, ফার্মেসি ও ডায়গনিস্টিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ ও বয়স্ক রোগীদের জন্য বাসায় এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের সুবিধা সরবরাহের মত সেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে এ কোম্পানি।  

বিনিয়োগের অর্থে ঢাকার বাইরেও কোম্পানির পরিধি কাজের বৃদ্ধি করা হবে।

লার্স বো বারট্রাম বলেন, “স্বাস্থ্যসেবার সহজলভ্যতা একটি দেশের সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। একেপিএল-এর ফার্মেসি-নির্ভর প্রাইমারি কেয়ার মডেল এবং বিস্তৃত ডায়াগনস্টিক সেবা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে। 

“আইএফইউ এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এটি আর্থিকভাবে লাভজনক একটি উদ্যোগ হিসেবে দীর্ঘমেয়াদে লাভজনক হবে।”