২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রকে যত খুশি ঋণ দেওয়ার সুযোগ

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত, বলছে বাংলাদেশ ব্যাংক।

বিদ্যুৎকেন্দ্রকে যত খুশি ঋণ দেওয়ার সুযোগ

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 09:58 PM

Updated : 26 Jul 2022, 10:06 PM

কোনো একক বা গ্রুপকে ব্যাংক তার নিজস্ব মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে; বিদ্যুৎকেন্দ্রের ঋণে এই নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আগামী ৬ মাসের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে যে কোনো পরিমাণে ঋণ দিতে পারবে ব্যাংক।

ইউক্রেইন যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর খরচ বেড়েছে। সেই কারণেই এই সুবিধা দেওয়া হল।

পুরানো খবর:

বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক গ্রাহককে (কোম্পানি, ব্যক্তি ও গ্রুপ) ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সেই নিষেধাজ্ঞা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬ মাসের জন্য তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তাতে বলা হয়েছে, “বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য এ সুযোগটি দেওয়া হলো।

“এজন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হইবে না।”

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন থেকে ‘কেস-টু-কেস’ অর্থাৎ প্রতি আবেদন বিবেচনা করে ঋণসীমা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।