২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার শুরুতেই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি

রোজা শুরুর দিনই ইফতারি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। এই বৃদ্ধির হার কেজিতে ৫ টাকা থেকে ৫০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 05:49 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

কাঁচা মরিচের ‘ঝাল’ কমল অভিযানে

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, হাতিরপুল, ফকিরেরপুল, গোপীবাগ ও মুগদাবাজার ঘুরে ইফতারি পণ্যের বাজারের এই চিত্র পাওয়া গেছে।

যদিও এদিন বাজারগুলোতে বিশেষ ভিড় ছিলো না।

এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, আলু, বেগুন, টমেটো, শসা, ধনেপাতা, লেবু ও আদার দাম বেড়েছে সব চেয়ে বেশি।

আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি, যেটা গত সপ্তাহে ১৬ থেকে ১৮ টাকায় পাওয়া গেছে। আলুর তৈরি চপ ইফতারিতে জনপ্রিয় খাবার।

বেগুন বিক্রি হচ্ছে মান ও জাতভেদে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব বেগুন ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। বেশি বেড়েছে লম্বা বেগুনের দাম। লম্বা বেগুন মান ভেদে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

ইফতারির জনপ্রিয় খাবার বেগুনি তৈরির প্রধান উপাদান এই বেগুন।

শরবত ছাড়া ইফতারি হয় খুব কমই। এই শরবতের অন্যতম উপাদান লেবু। লেবুর দাম বেড়েছে হালিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। প্রতি হালি বড় সাইজের লেবু ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা ছিল।

শসার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে ৪০ টাকায়ও মিলছে শসা।

মুড়িকে বাংলাদেশিদের ইফতারির প্রধান উপকরণ বলা যায়। ইফতারিতে যে আয়োজনই হোক না কেন মুড়ি অবশ্যই থাকে। ইফতারির এই প্রধান আকর্ষণের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। মেশিনে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। আর হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে। 

পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বর্তমানে আমদানি করা রসুন ১০০ থেকে ১১০ টাকা বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহে কাঁচা মরিচের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মান ও বাজার ভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে।

টমেটে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে টমেটোর দাম ছিল প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা।

বেড়েছে ধনে পাতার দামও। আগে যতোটা ধনে পাতা ৫ টাকায় পাওয়া যেতো সেই পরিমাণ ধনে পাতা এখন কিনতে হচ্ছে ১০ টাকায়।

এছাড়া পাম অয়েলের দাম বেড়েছে। ইফতারি তৈরিতে এই তেলের ব্যাপক ব্যবহার রয়েছে। হোটেল, রেস্তোরাঁয় সব তেলেভাজাই খাবার ভাজা হয় পাম অয়েলে।এই তেলের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়ে ৬০ থেকে ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে।  

এসব ইফতারি পণ্যের চড়া দামের সুযোগে অন্যান্য সবজিরও দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

মিস্টি কুমড়া, ঝিংগা, কাঁচাপেপে, বরবটি, কচুরলতি, ধুন্দল, চিচিংগা, পটল, চালকুমড়া, ঢেঁড়স, করলা, উচ্ছে, লাল-পুই শাকের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

এসব পণ্যের দাম বাড়া প্রসঙ্গে কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, “সব জায়গায়ই দাম বেড়েছে। আমাদের কিছু করার নেই। আমরা দাম বাড়াই না।”

তবে ক্রেতারা দাম বাড়ার বিষয়টি নিয়ে বিক্রেতাদের বক্তব্য মানতে নারাজ।

আনোয়ার হোসেনের দোকানের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমরা দাম বাড়াও না, তাহলে বাড়ায় টা কে। তুমি যার কথ বলবা তার কাজে জিজ্ঞেস করলে সে বলবে তুমি বাড়াও। তোমরা একজন আরেকজনের দোষ দিচ্ছো, মাঝখানে সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে।”

আরেকজন ক্রেতা হেদায়েত উল্লাহ বিডিনিউজকে ইফতারি পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে বলেন, “এটা একটা ট্রাডিশন হয়ে গেছে। রমজান আসলে কিছু পণ্যের দাম বাড়ে। লোকজন কিনেতো খাচ্ছে। খারাপ কি।”