২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাকুগাঁও বন্দর ৪ দেশের মধ্যে ট্রানজিট হবে: নৌমন্ত্রী

শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক পথে পরিবহনে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:33 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দরের পূর্ণাঙ্গ বন্দর হিসেবে যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, “নাকুগাঁও বন্দরের উন্নয়নের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করে, যা যা করা দরকার তাই করা হবে। ইতিমধ্যেই ভারত, নেপাল ও ভুটান ট্রানজিট চালু হয়েছে। এই বন্দরটিকেও আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করব।”

মন্ত্রী বলেন, ২০০৯ সালে দেশে নয়টি বন্দর চালু ছিল। বর্তমান সরকার আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০টি বন্দর চালু করেছে। আরও ১০টি বন্দর চালু করার পরিকল্পনা রয়েছে।

স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব পঙ্কজ কুমার পাল, জেলা প্রশাসক জাকীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, কাস্টমসের সহকারী কমিশনার সফিউল আলম এবং স্থানীয় আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল।

১৯৯৭ সালে বাংলাদেশ-ভারতের সকল বৈধ পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্টসহ নাকুগাঁও স্থল-শুল্ক বন্দরের কার্যক্রম শুরু করা হয়। ২০১১ সালের ৩১ ডিসেম্বর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান নাকুগাঁও এলাকায় পূর্ণাঙ্গ বন্দরের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০১৩-২০১৪ অর্থ বছরে প্রায় সাড়ে ১৩ একর জমির উপর পূর্ণাঙ্গ বন্দরের জন্য ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়।

স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত ভারত-বাংলাদেশের সকল পন্য আমদানি ও রপ্তানি করতে পারবেন।