২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান

রমজান মাসে রাত ১০টা পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:04 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

বিদ্যুৎ ভবনে মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধে সরকারের নির্দেশনা রয়েছে।

তবে দোকান মালিক সমিতির নেতারা রোজার মাসে রাত ৮টার পরেও দোকান খোলা রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

গত বছর ১৫ রোজার পর থেকে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার।

বৈঠকে সেহরি ও ইফতারকে লোডশেডিংমুক্ত করার আশাবাদ ব্যক্ত করে ওই সময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান বিপু।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান শাহীনুর ইসলাম ছাড়াও দোকান মালিক সমিতির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।