ভারতে জমি চেয়ে চিঠি বিজিএমইএর
রপ্তানি বাড়াতে ওয়ারহাউজ স্থাপনে জমির বন্দোবস্তু তিন মাসের মধ্যে করার অনুরোধ জানিয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকরা।
রোববার বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় তার সঙ্গে দেখা করে ৫০ একর জমি চেয়েছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ভারতের প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।
তার পরিপ্রেক্ষিতেই বিজিএমইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আতিকুল ইসলাম।
প্রস্তাবে বলা হয়েছে, বিজিএমইএ ও বিকেএমইএসহ অন্যান্যরা একটি কোম্পানি গঠন করে তৈরি পোশাকের অয়্যারহাউজ ও বিতরণ কেন্দ্র স্থাপন করবে।
বিজিএমইএ প্রতিনিধিরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ৫০ একর জমি চাইলেও চিঠিতে সুনির্দিষ্ট করে ৫০ একরের কথা উল্লেখ করা হয়নি।
চিঠিতে বলা হয়, এই অয়্যারহাউজ ও বিতরণ কেন্দ্র স্থাপনের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার ভারতে বিনিয়োগ করতে আগ্রহী পোশাক রপ্তানিকারকরা। একইসাথে ভারতের বিভিন্ন শহরে এক হাজার খুচরা বিক্রয়কেন্দ্র (রিটেইল স্টোর) স্থাপন করবে। যেখানে বাংলাদেশের তৈরি পোশাক প্রদর্শন ও বিক্রি করা হবে।
বাংলাদেশ সরকার এ বিনিয়োগের জন্য অনুমোদন দেবে বলে আতিকুল ইসলাম আশা প্রকাশ করেন।
তার আশা, আগামী কয়েক বছরে ভারতের বাজারে এক বিলিয়ন ডলারের বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হবে।
আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রস্তাব ভারত সরকার ইতিবাচকভাবে নেওয়ায় আমরা খুশি। আমরা আশা করছি, ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়বে।”
